BreachTimes Logo
Independent Investigative Journalism • Leaks • Documents • Truth
April 23, 2026 | INVESTIGATION

The Dark of Wifi Sensing ( দেওয়ালের চোখ)

Featured Image

দেয়ালের চোখ

নামটা শুনেই মনের কোণে আচমকা একটা খটকা লাগল। রাত তখন প্রায় একটা ছুঁইছুঁই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই (EEE) বিভাগের ছাত্র হাসান তখনো জেগে। হাতে ফোন আর চোখ স্ক্রিনে নিবদ্ধ। ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ একটা আর্টিকেলে গিয়ে তার আঙুল থেমে গেল। শিরোনামটা মোটেই সাধারণ ছিল না। সেখানে লেখা ছিল,

"হয়তো কেউ আপনাকে হ্যাক করে দেখছে।"

প্রথমে হাসান একটু হাসল। বিষয়টাকে তার কাছে স্রেফ সস্তা পাবলিসিটি বা অতিরঞ্জিত মনে হলো। সে নিজে প্রযুক্তির ছাত্র, এসব বিষয় ভালোই বোঝে। এই ধরনের চটকদার শিরোনাম দেখলে সাধারণত সে এড়িয়েই যায়। কিন্তু ওই মুহূর্তে সে কেন জানি মনটাকে অন্য দিকে সরাতে পারছিল না।

আর্টিকেলটা পড়তে শুরু করার পর সে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গেল। অদ্ভুত এক ঘোরের বশে সে পুরোটা পড়ে ফেলল। সেখানে এমআইটি (MIT), কার্নেগি মেলন কিংবা মেটা-র ফাণ্ডিংয়ে করা সব গবেষণার তথ্য দেওয়া ছিল। সিএসআই (CSI) ডাটা ব্যবহার করে দেয়ালের ওপার থেকে মানুষের শরীরের নড়াচড়া ট্র্যাক করা সম্ভব। পড়তে পড়তে হাসানের শরীরে কাঁটা দিয়ে উঠল।

পড়া শেষ করে সে ফোনটা পাশে রাখল। তারপর একবার তাকাল ঘরের কোণে রাখা ছোট্ট ডিভাইসটার দিকে। যেটাকে সে এতদিন এক নিরবচ্ছিন্ন যোদ্ধা ভাবত। মাত্র ৫-৭ ভোল্টে চলা সেই অবিসংবাদিত যোদ্ধাটি আর কেউ নয়, তার নিজেরই TP-Link Router। সবুজ আলোটা শান্তভাবে মিটমিট করে জ্বলছে, যেন বলতে চাইছে, "দেখো, তোমার সুরক্ষায় আমি সারারাত জেগে আছি!"

কিন্তু সেই রাতে হাসানের চোখের ঘুম উধাও হয়ে গিয়েছিল।


এই লেখাটি সেই রাতের পর থেকে শুরু হওয়া এক দীর্ঘ অনুসন্ধানের ফলাফল। যা জানা গেছে তা নিজের মধ্যে চেপে রাখাটা মোটেও ঠিক মনে হলো না।


ওয়াইফাই কি শুধুই ইন্টারনেট দেয়?

আপনার বাসায় যে রাউটারটি আছে, সেটিকে আমরা শুধুই ইন্টারনেট পাওয়ার একটি বাক্স হিসেবে জানি। কিন্তু বর্তমান সময়ে একে একটি জীবন্ত রোবট বললেও ভুল হবে না। এটি প্রতি সেকেন্ডে কোটি কোটি রেডিও তরঙ্গ চারদিকে ছড়িয়ে দিচ্ছে। এই তরঙ্গ দেয়াল ভেদ করে যায়, আসবাবপত্রে ধাক্কা খায় এবং আপনার শরীরে লেগে আবার ফিরে আসে।

সহজভাবে বললে, পুকুরে পাথর ছুড়লে যেমন ঢেউ তৈরি হয় এবং কোনো বাধা পেলে সেই ঢেউয়ের আকার বদলে যায়, ওয়াইফাই তরঙ্গও ঠিক তেমন। দূর থেকে ঢেউয়ের সেই বদল দেখেই বলে দেওয়া সম্ভব মাঝখানে কী আছে।

  • আপনি হাঁটলে তরঙ্গ একভাবে ফিরে আসে।
  • বসলে ফেরে অন্যভাবে।
  • এমনকি ঘুমানোর সময় আপনার শ্বাস-প্রশ্বাসের ছন্দেও এই তরঙ্গের ধরন বদলে যায়।

বাতাসে তৈরি হওয়া এই অদৃশ্য নকশাকে কারিগরি ভাষায় বলা হয় CSI (Channel State Information)। একে আপনার ওয়াইফাই ছায়া বলা যেতে পারে। ভয়ের কথা হলো, এই ছায়া মুছে ফেলার কোনো উপায় আমাদের জানা নেই।

২০১৮ সালে এমআইটি-র গবেষকরা দেখিয়েছেন যে, এআই (AI) ব্যবহার করে এই তরঙ্গের বিশ্লেষণ করে বলে দেওয়া সম্ভব আপনি ঘরের ঠিক কোথায় আছেন এবং কী করছেন। কোনো ক্যামেরা ছাড়াই দেয়ালের ওপার থেকে শুধু একটি রিসিভার দিয়ে ৮৫ থেকে ৯০ শতাংশ নির্ভুলভাবে মানুষের অবয়ব শনাক্ত করা সম্ভব হয়েছিল। [১][২]

২০২২ সালে কার্নেগি মেলন ইউনিভার্সিটি এই প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। তাদের DensePose from WiFi গবেষণায় দেখা গেছে, মাত্র তিনটি সাধারণ রাউটার ব্যবহার করে মানুষের পূর্ণাঙ্গ 3D অবয়ব তৈরি করা সম্ভব। মজার ব্যাপার হলো, এই গবেষণায় অর্থায়ন করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। [৩][৪]

অর্থাৎ, আপনার ঘরে থাকা সাধারণ মানের একটি ডুয়াল ব্যান্ড রাউটারই এই কাজের জন্য যথেষ্ট। ব্র্যান্ড এখানে বড় কোনো বিষয় নয়।

কারা নজর রাখছে আমাদের ওপর?

একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার যে, এই ধরনের নজরদারি সাধারণ মানুষের জন্য এখনো খুব সহজলভ্য নয়। এটি মূলত নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে করা হয়। বিশেষ করে রাজনীতিবিদ, সামরিক কর্মকর্তা কিংবা সাংবাদিকদের লক্ষ্য করেই এসব করা হয়। তবে প্রযুক্তি সময়ের সাথে সাথে সস্তা হয়, আর সেখানেই লুকিয়ে আছে আসল ভয়।

NSA ও স্নোডেনের তথ্য: ২০১৩ সালে অ্যাডওয়ার্ড স্নোডেন যখন গোপন নথি ফাঁস করেন, তখন বিশ্ববাসী স্তম্ভিত হয়ে গিয়েছিল। জানা গিয়েছিল, আমেরিকার এনএসএ (NSA) বিশ্বের প্রায় ৭০ ভাগ ইন্টারনেট ট্রাফিক পর্যবেক্ষণ করে। তারা এমনকি সিসকো (Cisco) রাউটারগুলোর শিপমেন্ট মাঝপথে আটকে সেগুলোর ভেতরে নজরদারির বিশেষ সফটওয়্যার ঢুকিয়ে দিত। ক্রেতা ঘুনাক্ষরেও টের পেত না যে তার কেনা রাউটারটি একটি গুপ্তচর হয়ে ঘরে বসে আছে। [৬]

মোসাদ ও ইউনিট ৮২০০: ইসরায়েলি সামরিক বাহিনীর সাইবার শাখা Unit 8200 দশকের পর দশক ধরে বিশ্বজুড়ে ডিজিটাল নজরদারি চালিয়ে আসছে। স্টাক্সনেট (Stuxnet) ভাইরাসের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা কিংবা বিতর্কিত Pegasus স্পাইওয়্যার দিয়ে বিশ্বের বাঘা বাঘা মানুষের ফোনে আড়ি পাতা, সবই আজ প্রমাণিত। [৭][৯]

এখন একবার ভাবুন, যদি ফোনের পেগাসাস স্পাইওয়্যারের সাথে রাউটারের এই ওয়াইফাই সেন্সিং প্রযুক্তি যুক্ত হয়, তবে আপনার ব্যক্তিগত গোপনীয়তা বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। ফোনের মাধ্যমে আপনার কথা শোনা যাবে আর রাউটারের মাধ্যমে আপনার প্রতিটি নড়াচড়া দেখা যাবে।

রাউটার যখন বিশ্বাসঘাতক

আপনার কষ্টের টাকায় কেনা রাউটারটি আসলে কার প্রতি অনুগত? বাংলাদেশে বহুল ব্যবহৃত টিপি-লিংক (TP-Link) নিয়ে খোদ আমেরিকাতে তদন্ত চলছে। অভিযোগ হলো, চীনা আইন অনুযায়ী তারা তাদের সরকারকে তথ্য দিতে বাধ্য। যদিও অনেক সময় এসব অভিযোগের পেছনে রাজনৈতিক কারণ থাকে, কিন্তু স্নোডেন তো প্রমাণ করেই গেছেন যে বড় বড় সব প্রতিষ্ঠান কোনো না কোনোভাবে নজরদারির সাথে যুক্ত। [১১]

একটি সাধারণ ফার্মওয়্যার আপডেটের আড়ালে আপনার রাউটারটি নিঃশব্দে আপনার শরীরের নড়াচড়ার তথ্য বা সিএসআই ডাটা হাজার মাইল দূরে পাঠাতে শুরু করতে পারে, যা আপনি কখনোই টের পাবেন না।

জিনজিয়াং: নজরদারির এক চরম বাস্তবতা

চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুরদের ওপর যে নজরদারি চালানো হয়, তা কল্পবিজ্ঞানকেও হার মানায়। ফেশিয়াল রিকগনিশন ক্যামেরা কিংবা ফোনে সরকারি স্পাইওয়্যার তো আছেই, এখন এর সাথে ওয়াইফাই সেন্সিং যুক্ত হলে মসজিদে বা ঘরের ভেতরে কে কখন কী করছে, তা জানার জন্য কোনো মানুষের প্রয়োজন হবে না। দেয়াল তখন আর কোনো আড়াল তৈরি করতে পারবে না। [১২]

আমাদের করণীয় কী?

হাসান সেই রাতের পর ছোট ছোট কিছু পদক্ষেপ নিয়েছিল। এগুলো হয়তো শতভাগ নিরাপত্তা দেয় না, কিন্তু অসচেতন থাকার চেয়ে অনেক ভালো:

  1. পাসওয়ার্ড পরিবর্তন: রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড অবশ্যই বদলে ফেলুন। সংখ্যা, বড় ও ছোট হাতের অক্ষর এবং চিহ্নের মিশ্রণে একটি কঠিন পাসওয়ার্ড দিন।
  2. ফার্মওয়্যার আপডেট: নিয়মিত চেক করুন আপনার রাউটারের কোনো সিকিউরিটি আপডেট এসেছে কি না।
  3. ডিভাইস লিস্ট চেক করা: রাউটারের অ্যাপ ব্যবহার করে দেখুন আপনার অজান্তে অন্য কেউ নেটওয়ার্কে যুক্ত হয়ে আছে কি না।
  4. রাতে রাউটার বন্ধ রাখা: এটি সবচেয়ে কার্যকর পদ্ধতি। ঘুমানোর সময় রাউটার বন্ধ রাখলে কোনো তরঙ্গ তৈরি হবে না, ফলে সেন্সিং করাও অসম্ভব।

শেষ কথা

এক সময় মানুষ ভাবত ঘরের দরজা বন্ধ করলেই সে নিরাপদ। তারপর লুকানো ক্যামেরা এসে সেই ধারণা বদলে দিল। এখন এমন সময় আসছে যখন ঘরের পর্দা টানলেও কোনো লাভ নেই। পৃথিবী নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো কী করবে তা হয়তো আমাদের হাতে নেই, কিন্তু সচেতন থাকাটা আমাদের নিজেদের দায়িত্ব।

এই তথ্যগুলো অন্যদের জানানো প্রয়োজন। আপনি সচেতন হলে হয়তো অন্য কেউ তার গোপনীয়তা রক্ষায় এক ধাপ এগিয়ে যাবে।

তথ্যসূত্র

[১] MIT CSAIL — RF-Pose Demo: https://rfpose.csail.mit.edu

[২] MIT News — AI senses people through walls: https://news.mit.edu/2018/artificial-intelligence-senses-people-through-walls-0612

[৩] Carnegie Mellon — DensePose from WiFi (arXiv): https://arxiv.org/abs/2301.00250

[৪] CMU Robotics Institute: https://www.ri.cmu.edu/publications/dense-human-pose-estimation-from-wifi

[৫] The Guardian — NSA Files Decoded: https://www.theguardian.com/world/interactive/2013/nov/01/snowden-nsa-files-surveillance-revelations-decoded

[৬] Der Spiegel — NSA Cisco Router Interception: https://www.spiegel.de/international/world/the-nsa-uses-powerful-toolbox-in-effort-to-spy-on-global-networks-a-940969.html

[৭] New York Times — Obama Order Cyberattacks Iran: https://www.nytimes.com/2012/06/01/world/middleeast/obama-ordered-wave-of-cyberattacks-against-iran.html

[৮] Washington Post — Stuxnet US and Israel: https://www.washingtonpost.com/world/national-security/stuxnet-was-work-of-us-and-israeli-experts-officials-say/2012/06/01/gJQAlnEy6U_story.html

[৯] Amnesty International — Pegasus Project: https://www.amnesty.org/en/latest/press-release/2021/07/the-pegasus-project

[১০] Forbidden Stories — Pegasus Project: https://forbiddenstories.org/about-the-pegasus-project

[১১] Reuters — TP-Link US Investigation: https://www.reuters.com/technology/cybersecurity/us-lawmakers-seek-probe-chinas-tp-link-over-national-security-risks-2024-08-14

[১২] UN OHCHR — Xinjiang Report: https://www.ohchr.org/en/documents/country-reports/ohchr-assessment-human-rights-concerns-xinjiang-uyghur-autonomous-region

[১৩] UN News — Xinjiang: https://news.un.org/en/story/2022/08/1125932



← Back to Investigations